বাসস
  ০৯ জুন ২০২৬, ২১:৪৬

খুলনা মহানগরীতে বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা নিয়ে সভা 

ছবি: বাসস

খুলনা, ৯ জুন, ২০২৬ (বাসস) : মহানগরীতে বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষে গঠিত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসিবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন এবং পরিচ্ছন্ন শহর গড়তে দায়িত্ব গ্রহণের পর থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। 
সবুজ নগরী গড়ে তুলতে একইসঙ্গে বৃক্ষরোপণের কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। কিন্তু বৃক্ষরোপণের চেয়ে বৃক্ষের পরিচর্যা করাই বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি নগরীর সরকারি বেসরকারি সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় প্রশাসক পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার ক্ষেত্রে খালগুলির কচুরিপানা পরিষ্কার করা, বাজারসমূহের আধুনিকায়ন, রাস্তার বাজারগুলি সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়া, দ্রুততম সময়ের মধ্যে রিসাইকিং প্লান্ট চালুর মাধ্যমে শহরটাকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এনে আধুনিক ধারায় নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. নবীউল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুস সামাদ, কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস ও এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও, পরিবেশবাদী সংগঠন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, মাশাস-এর নির্বাহী পরিচালক এ্যাড. শামীমা সুলতানা শিলু, নাগরিক ফোরাম-এর মহাপরিচালক এস এম ইকবাল হাসান তুহিন, কারিতাস-এর প্রজেক্ট ইনচার্জ আনন্দ দাশ, নিসচা’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উপ-সহকারী পরিচালক রেক্সোনা খাতুন, বেসরকারি ব্যাংক ব্রাকের ব্রাঞ্চ এন্ড চার্টার ম্যানেজার কাজী শাকিল আখতারসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের এ কর্মসূচির আলোকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচি খুলনা মহানগরীতে বাস্তবায়নের লক্ষে গত ১৪ মে প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।