শিরোনাম

মাগুরা, ৯ জুন, ২০২৬, (বাসস) : মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ৫টি আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) মেশিন উপহার দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খানের পক্ষে তার ছোট ভাই ও মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ মাসুদ হাসান খান কিজিল আনুষ্ঠানিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিনের কাছে এই আইপিএস মেশিনগুলো হস্তান্তর করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন এই আইপিএস মেশিনগুলোর মাধ্যমে হাসপাতালের শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, পুরুষ মেডিসিন ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড এবং বিশেষায়িত হাম ওয়ার্ডে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়েও এসব ওয়ার্ডে নিরবচ্ছিন্নভাবে লাইট ও ফ্যান সচল থাকবে, যা রোগীদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।
আইপিএস হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি রূবাইযাত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দলের আহ্বায়ক খান জাহাঙ্গীর হোসেন এবং জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য ডা. মাসুদুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিন এই মানবিক উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আইপিএসগুলো বিশেষ করে গরমের মৌসুমে চিকিৎসাধীন রোগীদের বড় ধরনের স্বস্তি দেবে।