শিরোনাম

চট্টগ্রাম, ৯ জুন ২০২৬ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও খেলাধুলাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নগরজুড়ে খেলার মাঠ, পার্ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলার মাঠ নেই, সেগুলোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেওয়ানহাট কলেজের শিক্ষার্থীদের জন্য রেলের একটি মাঠ সংস্কার করে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে নগরীর বিভিন্ন এলাকায় মাঠ, পার্ক, ওয়াকওয়ে ও ফ্লাডলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও আবর্জনা না ফেলে নগরকে পরিচ্ছন্ন রাখতে হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, নারী নেত্রী ফাতেমা বাদশা, স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন।