বাসস
  ০৯ জুন ২০২৬, ১৯:৪২

সাতক্ষীরায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ছবি : বাসস

সাতক্ষীরা, ৯ জুন ২০২৬ (বাসস): জেলার কলারোয়া উপজেলায় আজ লাইসেন্স নবায়ন না থাকা ও অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে অবৈধভাবে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স নবায়ন না থাকা ও অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন কারণে মিতালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং ডক্টরস ডিজিটাল ল্যাবকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।