শিরোনাম

সিলেট, ৯ জুন, ২০২৬ (বাসস) : মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ ঘণ্টায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এদের মধ্যে ১১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- দেওয়া হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ এসএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহানগর পুলিশের বিভিন্ন থানা, তদন্তকেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি)’র সদস্যরা অংশ নেয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি, মাদকসেবী, মাদক কারবারি, জুয়াড়ি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি, চোর, সন্দেহভাজন ব্যক্তি ও মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ১৮৪ জনের মধ্যে ১১০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে সাজা দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান চলাকালে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ৯৩টি যানবাহন আটক করা হয়েছে।
সব মিলিয়ে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক বিরোধী কার্যক্রম জোরদার ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।