বাসস
  ০৯ জুন ২০২৬, ১৭:৪৬

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

সুনামগঞ্জ, ৯ জুন, ২০২৬ (বাসস) : জেলার শান্তিগঞ্জ উপজেলায় আজ বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল মনাফ জেলার শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা মৃত রিফাত উল্লাহর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কান্দিগাঁও জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে কান্দিগাঁও এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাগলা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল মনাফ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ‘সাগরিকা’ পরিবহনের (ঢাকা ব-১২-১৯৬০) একটি দূরপাল্লার বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ আব্দুল মনাফকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।