বাসস
  ০৯ জুন ২০২৬, ১৭:১৫

দিনাজপুরে জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

দিনাজপুর, ৯ জুন, ২০২৬ (বাসস): জেলা পুলিশের আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা বিষয়ক এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ বিভাগ থেকে জানানো হয়, গত মে মাসে জেলার ১৩ টি থানায় ৪১৮ জনকে আসামি করে ১৯৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশের অভিযানে ৩৬৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। এসময়ে পুলিশের অভিযানে একটি শুটারগান উদ্ধার, ৫ হাজার ৪৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৭৬ লিটার দেশি চোলাই মদ, ৩২৯ বোতল নেশা জাতীয় স্কাইপ সিরাপ, ৩৫১ বোতল ফেন্সিডিল ও ২২০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। 

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আলথমুসা পিপিএম সভায় সভাপতিত্ব করেন। তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও ফোর্সদের বিভিন্ন পেশাগত বিষয়, কর্মপরিবেশ, মাদক দ্রব্য উদ্ধার, অপরাধী গ্রেফতার ও কল্যাণ সংক্রান্ত দিক নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের সমস্যার সমাধান ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

মো. জেদান আলথমুসা পুলিশ সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। 

তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখতে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রতি পুলিশি সেবার মানোন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 

মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ এর আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলার সার্কেল অফিসার, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং  জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।