শিরোনাম

দিনাজপুর, ৯ জুন, ২০২৬ (বাসস) : জেলার নবাবগঞ্জ উপজেলায় শ্যালো মেশিনের ট্রলির নিচে পিষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিপুর পীরদহ গ্রামের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ট্টলির নিচে পিষ্ট হয়ে নিহত কিশোর মো. মিলন মিয়া(১৫) ওই গ্রামের বাহারুল মিয়ার পুত্র।
জেলার নবাবগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. আব্দুল কুদ্দুস আজ বিকেল সাড়ে ৩ টায় বাসসকে জানান, কিশোর মিলন মিয়া তার শ্যালো মেশিনের ট্রলি বের করে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। ট্রলি নিয়ে যাওয়ার সময় গ্রামের রাস্তার পাশে আমগাছের সাথে ধাক্কা খেয়ে মিলন ট্রলির নিচে পরে যায়। এসময় ট্রলির নিচে পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে মিলনকে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিলনকে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত কিশোর মিলনের পরিবার ময়না তদন্ত ব্যতিরেকে তার লাশ গ্রহণের আবেদন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।