শিরোনাম

সাতক্ষীরা, ১ মে, ২০২৬ (বাসস) : ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ নানা আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে মে দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক শেখ মাছুম বিল্লাহ শাহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুস সামাদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো আব্দুল আজিজ বাবু প্রমুখ।
এর আগে, জেলা শ্রমিক দল, জেলা টাইলস নির্মান শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যান ফেডারেশন, হোটেল শ্রমিক কর্মচারী সমিতি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, রং শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে সাতক্ষীরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।