বাসস
  ০১ মে ২০২৬, ১৯:০৩

চাঁদপুরে আহত ও নিহত অটোরিকশার চালকদের পরিবারকে সহায়তা 

ছবি : বাসস

চাঁদপুর, ১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ মহান মে দিবস উপলক্ষে অটোরিকশার মোট ১০ জন আহত চালক এবং নিহত চালকদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শহরের পালবাজারস্থ নতুনবাজার-পুরাণবাজার সংযোগ সেতু সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে আহত সিএনজি চালক ও নিহত চালকদের পরিবারের মধ্যে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন। 

চাঁদপুর পৌরসভার অটোরিকশা টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার (শরীফ)। আহত অটোরিকশা চালকদের মধ্যে বক্তব্য দেন মুসলিম খান, মানিক খান ও জসিম মেহেদী।

অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার উদ্যোগে মোট ১০ জন আহত অটোরিকশা চালক ও নিহতদের পরিবারের মধ্যে জনপ্রতি পাঁচহাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।