শিরোনাম

পিরোজপুর, ১ মে, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তোলা হবে। দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখবে।
মহান ‘মে’ দিবস উপলক্ষে আজ পিরোজপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে শহরের টাউন ক্লাব মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সকাল সাড়ে ৯টায় স্থানীয় কৃষ্ণচূড়া মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ নেন।
পরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।
এ ছাড়া শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা অটোরিকশা, অটো টেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ফকির, জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাসাস সভাপতি মো. জাহিদুল ইসলাম।