শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল-ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়া কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মোঃ সাইফুদ্দিন-সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান ও কমিশনারগণ পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতির উন্নতি ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ, এশীয় উন্নয়ন ব্যাংক, সিএফএ সোসাইটি, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম-সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়া বিএসইসি গঠিত তদন্ত কমিটি ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্যবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক, ইস্যুয়ার কোম্পানি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।