শিরোনাম

বান্দরবান, ২১ জুন ২০২৬ (বাসস): জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।
আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এসব তথ্য জানান বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
সিভিল সার্জন জানান, জেলার প্রতিটি শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা কাজ করছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এবারের ক্যাম্পেইনে জেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সের ১১ হাজার ৪৫৮ শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৬৭ হাজার ২৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় ৭৪৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সভায় নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।