বাসস
  ২১ জুন ২০২৬, ২১:০৫

ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত

গাজীপুর, ২১ জুন, ২০২৬, (বাসস): ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ এন্ড সাসটেইনেবিলিটি রিসার্চ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। 

থ্রি সিএসআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। 

বৃক্ষরোপণ শেষে জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা শীর্ষক একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান মানব সভ্যতার অন্যতম চ্যালেঞ্জ।

এই প্রভাব মোকাবিলায় কেবল নীতিনির্ধারণী সিদ্ধান্তই যথেষ্ট নয়, প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও কার্যকর উদ্যোগ। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার পরিবেশবান্ধব জীবনযাপন ও সবুজায়ন বৃদ্ধির ওপর জোর দেন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় হওয়াার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ওয়াাটার অ্যান্ড এনভায়রনমেন্ট (আইডাব্লিউই)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন জলবায়ু সংকট মোকাবিলায় নিয়মিত বৃক্ষরোপণ ও গবেষণাভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিস প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।