শিরোনাম

নেত্রকোণা, ২১ জুন ২০২৬ (বাসস): জেলার বারহাট্টা উপজেলায় আজ বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার বারহাট্টা ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে তিনি নিহত হন।
নিহত জাহাঙ্গীর আলম জেলার উপজেলার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বৃষ্টির সময় বাড়ির পেছনের মাঠে থাকা গরু আনতে যান জাহাঙ্গীর আলম। এ সময় আকষ্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে সরকারি বিধি মোতাবেক আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।