শিরোনাম

লালমনিরহাট, ২১ জুন, ২০২৬, (বাসস): অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রসাধনী বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য জব্দ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।
এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাইকারি কসমেটিকস প্রতিষ্ঠান মীম এন্টারপ্রাইজ ও রাফি এন্টারপ্রাইজে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ও মো. মামুনুর রশিদ।
অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে চোরাই পথে দেশে আনা আমদানিকারকের তথ্যবিহীন বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া যায়।
এর মধ্যে সরকার ঘোষিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ রঙ ফর্সাকারি ক্রিমও জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১২ হাজার টাকা অর্থদ- করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ ছাড়া জব্দকৃত সকল নিষিদ্ধ ও ক্ষতিকর রঙ ফর্সাকারি ক্রিম অভিযানস্থলে উপস্থিত জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় ক্ষতিকর, ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান এবং কঠোর আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।