বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২

নোয়াখালীতে মাদক কারবারি আটক 

ছবি : বাসস

নোয়াখালী, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুইহাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার সকালে সদর উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটককৃত ইসমাইল হোসেন জেলার সদর উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌঁনে ৮টার দিকে উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দু’টি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দু’টি পলি প্যাকেটে মোট দুইহাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।