বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৮:০৬
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৮:২৩

টাঙ্গাইলে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

টাঙ্গাইল, ২১ আগস্ট ২০২৬ (বাসস): জেলা সদরে আজ পুকুরে গোসলের সময়ে পানিতে ডুবে হাসিবুর রহমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত হাসিবুর রহমান বিশ্ববিদ্যালয় সংলগ্ন জেলা সদরের বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। হাসিবুর রহমান স্থানীয় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরও কয়েকজনের সাথে ফুটবল খেলা শেষে হাসিবুর রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাণীঘাট পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে হাসিবুর রহমান পানিতে ডুবে যায়। পরে উপস্থিত ব্যক্তিরা হাসিবুর রহমানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ এ ঘটনা নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সন্তোষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আব্দুস সুবাহান জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল  হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।