বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৭:৪১

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কুবি উপাচার্যের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কুবি ভিসি ড. এম এম শরীফুল করীম। কোলাজ : বাসস

কুমিল্লা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

গতকাল বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজ্জন, প্রাজ্ঞ ও দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। একজন নির্মোহ, প্রাজ্ঞ ও প্রদীপ্ত রাজনৈতিক আলোকবর্তিকা হিসেবে তিনি যুগ যুগ ধরে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। রাজনীতির বন্ধুর পথ, দীর্ঘ ঝড়-ঝাপটা ও দুঃসময়ের আঁধারে তাঁর বীরত্বপূর্ণ দৃঢ়তা, হিমালয়সম সাহস, নিখাদ সততা ও আপসহীন দায়িত্ববোধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন করার যে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা মূলত তাঁর দীর্ঘ সংগ্রামের ইতিহাস, ত্যাগের মহিমা, নিঃস্বার্থ দেশপ্রেম ও নিষ্ঠার প্রতি এক অভাবনীয় এবং সমুচিত মূল্যায়ন।

উপাচার্য বলেন, একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন কামনা করেন।