শিরোনাম

দিনাজপুর, ২১ আগস্ট ২০২৬ (বাসস): জেলার ঘোড়াঘাট উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী শম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুছাইফা আক্তার (৯) নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় জেলার ঘোড়াঘাট পৌর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সর্দার ফিলিং স্টেশনের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শম্পা বেগম গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ গ্রামের সেলিম সরকারের স্ত্রী। তাদের মেয়ে নুছাইফা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্ত্রী শম্পা বেগম ও মেয়ে নুছাইফা আক্তারকে নিয়ে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন সেলিম সরকার। পথিমধ্যে তারা দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সর্দার ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাক সেলিম সরকারের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা শম্পা বেগম ও মেয়ে নুজাইফা আক্তারের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে।নিহত দু'জনের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক সেলিম সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।