বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩০

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে ফখরুল ইসলাম এমপির মতবিনিময়

ছবি : বাসস

নোয়াখালী, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার কোম্পানীগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন। বিভিন্ন দপ্তরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার , উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বয়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আলম মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।