শিরোনাম

নরসিংদী, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষজাতীয় খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে জেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ জনহিতকর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে আজ সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচি পুরো রমজান মাস ধরে চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। তিনি বলেন, রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার ও প্রশাসনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, ভেটেরিনারি কর্মকর্তা ডা. আব্দুল জলিল, ডা. মো. রফিকুল ইসলাম এবং নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে নির্ধারিত স্থানে এই সুলভ মূল্যের বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।