শিরোনাম

সাতক্ষীরা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় আজ মৎস্য ঘেরে পানি উত্তোলনের সময় অসাবধানতা বশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর আলম মিন্টু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শ্যামনগরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম মিন্টু জেলার শ্যামনগরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের সহিলউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য ঘেরে পানি তোলার কাজ করার সময় অসাবধানতাবশত জাহাঙ্গীর আলম মিন্টু বিদ্যুতের তারে সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনার পরপরই জাহাঙ্গীর আলম মিন্টুর ফুফাতো ভাই মোস্তাফিজুর রহমান তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহাঙ্গীর আলম মিন্টুকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিযা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।