শিরোনাম

কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ‘দি মোঘল এম্পায়ার’ নামে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়। পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লা জেলার ইফতার সামগ্রীর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
আজ বিকেলে নগরীর ঝাউতলা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, রমজানকে কেন্দ্র করে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিষিদ্ধ রঙের ব্যবহার এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার একাধিক প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে ‘জাফরানি শরবত’ নামে বিক্রি হওয়া পানীয়তে জাফরানের কোনো অস্তিত্ব না থাকলেও তা জাফরানি হিসেবে বাজারজাত করা হচ্ছিল। এছাড়া কাচ্চিসহ বিভিন্ন ইফতার আইটেম প্রস্তুতেও নিম্নমানের এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়।
অধিদপ্তর জানায়, এসব কর্মকাণ্ড মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার জন্যও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর মান, মূল্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।