শিরোনাম

নারায়ণগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার রূপগঞ্জে র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল ইস্কাফ ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার শামসুজ্জামানের পুত্র রবিন ও একই এলাকার নবীর মন্ডলের পুত্র জিয়াউল রহমান।
র্যাব জানায়, ভারতের সীমান্তবর্তী রাজশাহী এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ এই চক্রের সদস্যরা মাদক কারবার করে আসছিল। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এই চক্রের সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইস্কাফের চালান নিয়ে ঢুকেছে। পরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ইস্কাফ একটি কাশির ওষুধ। ল্যাবরেট ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া লিমিটেডের উৎপাদিত ওষুধ ইস্কাফ সিরাপ। মানবদেহের জন্য অতিমাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় ভারতে নিষিদ্ধ হওয়ার পর এ ওষুধ চোরাকারবারিদের মাধ্যমে চলে আসছে সীমান্তের এপারে। ব্যবহার হচ্ছে ভয়ংকর মাদক হিসেবে। এ ধরনের ওষুধ দেহে দীর্ঘমেয়াদি জটিল রোগ তৈরি করে।