বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৩

নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

শরীয়তপুর, ২৩ ফেব্রুয়ারি  ২০২৬ (বাসস): জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আলহাজ সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রনেতা মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু এ সভায় উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম সভায় সভাপতিত্ব করেন। 

সংসদ সদস্যরা জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক সভার সমাপ্তি  ঘোষণা করেন।