বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩

শাসক নয় সেবা করতে চাই : এমপি সাদিক রিয়াজ 

ছবি : বাসস

দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, শাসক নয়, মানুষের সেবা করতে চাই। 

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে বলেছেন পরিবর্তন আনতে হলে আগে নিজেকে বদলাতে হবে। আমরা নিজেরা বদলাতে পারলেই পরিবর্তন আসবে।  

আজ সোমবার দুপুরে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সাদিক রিয়াজ বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি আপনাদের পাশে থাকব। আমার লক্ষ্য জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে। চাকরিজীবীরা স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যেতে পারবেন। 

দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আরও বলেন, প্রতিটি ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারেন, আমরা সেই নিরাপদ দেশ গড়ে তুলতে চাই। 

তিনি বলেন, ‘আমাদের মা-বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করাও আমাদের সবার কর্তব্য ও দায়িত্ব।’

সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আরও বলেন, এসব লক্ষ্য বাস্তবায়ন করা কেবল ইউএনও, ওসি কিংবা জনপ্রতিনিধিদের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশ গ্রহণ প্রয়োজন। 

তিনি বলেন, ‘সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে এই লক্ষ্য অর্জন ও বাস্তবায়ন করা কঠিন হবে না।’

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, বোচাগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. মিজানুর রহমান ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার প্রমুখ। 

মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি এডিপি’র অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার নয় জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।