শিরোনাম

বগুড়া, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বগুড়ার গাবতলীতে বাজারের চেয়ে কম মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় গাবতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়। গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলামের উদ্যোগে সায়মা এগ্রো ফার্মের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করছে।
উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রাশেদুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা তরিকুল ইসলাম, প্রভাষক হামিদুল ইসলাম শিলু, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, দৌলতজামান দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, বগুড়ার গাবতলীর কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই কার্যক্রম গোটা রমজান মাস জুড়ে চলবে। রমজান মাসে সাধারণ মানুষদের কম মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস তাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতি কেজি ৫০ টাকা দরে দেড়শ লিটার দুধ, ৩০ টাকা হালি হিসেবে ৫ শতাধিক ডিম ও ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রয় করা হবে।
তিনি বলেন, আজ থেকে এ কার্যক্রম শুরু করা হলো। রমজান মাসে পৌরসভার সকল ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
গাবতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বলেন, সাবেক মেয়র সাইফুল ইসলামের এমন উদ্যোগ প্রশংসনীয়। এ কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ কম মূল্যে দুধ, ডিম, মাংস পাবে। এতে তারা তৃপ্তিসহকারে খেয়ে রোজা পালন করতে পারবেন।