শিরোনাম

চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মহানগরীর হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দ্বগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ (সোমবার) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন হালিমা মঞ্জিল নামের ভবনে ওই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।
ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. মকবুল জানান, সেহেরির আগে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আগুনে দগ্ধ সবাই একই পরিবারের সদস্য। কুমিল্লার বুড়িচং থেকে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল আরেক ভাইয়ের পরিবারের সদস্যরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশিক বলেন, গ্যাস বিস্ফোরণে দগ্ধদের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী আলমগীর হোসেন জানান, ভোর সাড়ে ৪ টার দিকে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলার এক বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
তবে তার আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
আলমগীর হোসেন আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হত না।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে আগুন ধরে যায়।
আগুনের ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।