শিরোনাম

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নিয়মতান্ত্রিক পদ্ধতি ও পেশাদারিত্বের মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে, যাতে সরকারের ঘোষিত লক্ষ্য যথাযথভাবে বাস্তবায়ন করা যায়।
আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তথ্যমন্ত্রী বলেন, সংসদ রাজনীতির কেন্দ্রবিন্দু। সেই প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে একটি প্রাতিষ্ঠানিক ও পেশাদার কাঠামোর মধ্যে থেকে কাজ করতে হবে। সরকারের বার্তা স্পষ্টভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়াই হবে মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রস্তাবে একটি স্বাধীন কমিশন গঠনের কথা বলা হয়েছে। ওই কমিশনের মাধ্যমে স্বাধীন প্রস্তাবনা প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনায় সহায়ক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে তথ্য মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী বলেন, অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা কিছুটা ভিন্ন। কারণ এটি সরাসরি জনমত, মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, আমাদের সবার পরিষ্কার ধারণা থাকতে হবে যে আমরা একটি নতুন পর্বে প্রবেশ করেছি। ৫ আগস্টের পর এবং প্রধানমন্ত্রী হওয়ার আগেই বর্তমান প্রধানমন্ত্রী একটি ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা দেশবাসীর সামনে উপস্থাপন করেছিলেন। তিনি রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন। দেশে ফেরার পরও তিনি তাঁর বক্তব্যে বলেছেন- ‘আই হ্যাভ এ প্ল্যান’।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা ও কর্মপন্থা সঠিকভাবে উপস্থাপন করা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে সম্পৃক্ত করা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
মতবিরোধ ও বিতর্ক গণতন্ত্রের স্বাভাবিক অনুষঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করে সমাজে মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে সমাজের বহুমাত্রিক মতামতের প্রতিফলন ঘটবে এবং তা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, জনগণের তথ্য জানার অধিকার আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নীতিনির্ধারক ও অংশীজনদের কাছেও সরকারের বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। এজন্য সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, একটি দেশের উন্নয়নের পরিপূরক কাঠামো হিসেবে তথ্য মন্ত্রণালয় কাজ করে। উন্নয়ন কতটা অগ্রসর হচ্ছে বা কোথায় ঘাটতি রয়েছে, সে বার্তাও তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছায়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আগামীর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।