শিরোনাম

সাতক্ষীরা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরের পানিতে পড়ে দাউদ মিস্ত্রি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দাউদ মিস্ত্রি (৭০) ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিন মিস্ত্রির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দাউদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ঘেরে তার মরদেহ ভাসতে দেখেন। এসময় তারা তার মরদেহ উদ্ধার করেন।
মৃত দাউদ মিস্ত্রির বড় ছেলে মো. আব্দুল মমিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে একা একা বের হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি ঘেরের পানিতে পড়ে যান। এদিকে, এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।