বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯

চট্টগ্রামে বেশি দামে ফল-গ্যাস বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে অধিক মূল্যে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ফলমন্ডিতে অভিযান চালানো হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রয়ের অভিযোগে সিয়াম কসমেটিক্স ৪ হাজার টাকা ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।