বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৫

চুয়াডাঙ্গায় দুই ব্যবসায়ীকে জরিমানা 

চুয়াডাঙ্গা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ নিষিদ্ধ কসমেটিকস বিক্রি সহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার  বেলা ১১ টা  থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গুঁড়া মসলা সামগ্রীর পাশে খোলা অবস্থায় সোডা সংরক্ষণ করায় বিল্লাল হোসেনের প্রতিষ্ঠান মেসার্স বিল্লাল স্টোরকে তিনহাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সরকার কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রি করায় জিল্লুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রাজধানী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।