শিরোনাম

সিরাজগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার উল্লাপাড়া উপজেলার রায়গঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
র্যাব ১২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার মহাসড়কে ‘হোটেল নিউ মায়ের আঁচল’ এর সামনে বগুড়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ একজনকে আটক করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলির পুত্র মো. দুলাল হোসেন (৬৮)।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল হোসেন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছেন।
র্যাব-১২ (সদর)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।