বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু 

শেরপুর, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবদিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধায় শাহজামাল তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে হলদীগ্রাম থেকে ঝিনাইগাতী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি সড়ক পারাপাররত পথচারী খালেদা আক্তারকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার শাড়ি মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক শাহজামালও গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহত মোটরসাইকেলের শাহজামালকে শেরপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।