বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৬

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক পাচারকারীকে আটক

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ(রোববার) সকালে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।