শিরোনাম

ঝালকাঠি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুই সংসদীয় আসনে নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় মোট ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন আইন অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত সরকারি কোষাগারে জমা হওয়ার বিধান রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন জানান, ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে ফলাফল অনুযায়ী মোট ভোট পড়েছে ২ লাখ ২১ হাজার ২৬৪টি। সে হিসেবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ২৭ হাজার ৬৫৮ ভোট। কিন্তু ছয় প্রার্থী ওই সীমা অতিক্রম করতে পারেননি।
জামানত হারানো প্রার্থীরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ফোরকান হোসেন (১২৭ ভোট), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মাসুদ পারভেজ (১০৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুলদীন সরদার (৭৭ ভোট), গণঅধিকার পরিষদের মো. মাহফুজুল ইসলাম সাগর (১২২ ভোট), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী (৩ হাজার ১২৫ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী (২৪ হাজার ৫৪৩ ভোট)।
অন্যদিকে, বিজয়ী বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট।
এদিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মোট ১ লাখ ২৯ হাজার ৪৪টি ভোট পড়ে। সেখানে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ১৬ হাজার ১৩১ ভোট। এখানে আট প্রার্থী জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম, স্বতন্ত্র প্রার্থী এম. মনজুল আলম ফিরোজী, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান, জনতার দলের মো. জসিম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি-জেপির মো. রুবেল হাওলাদার, গণঅধিকার পরিষদের মো. শাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. সাবির আহমেদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. সোহরাব হোসেন।
এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তিনি পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।