বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০

নড়াইলের দু’টি আসনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত 

নড়াইল, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ১১ প্রার্থীর কেউই তাদের মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি’র প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এই আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- ইসলামি আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মিল্টন মোল্লা, কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বি.এম. নাগিব হোসেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম সাজ্জাদ হোসেন, হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জ্বল মোল্লা, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুকেশ সাহা আনন্দ।

নড়াইল-২ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম। এই আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-ইসলামি আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. তাজুল ইসলাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ, গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. নূর ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতীকের প্রার্থী মো. শোয়েব আলী, জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোছা. ফরিদা ইয়াসমিন।