বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৪

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা, তলুইগাছা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্মশান মাঠ নামক স্থান হতে ভারতীয় মদ ও ওষুধ এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শালবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে। 

এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বর্মিতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও চশমা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক চারলাখ ৭৭ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।