শিরোনাম

বাগেরহাট, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে শনিবার বিকেলে চিতলমারীর আড়িয়ারঘোপ ফুটবল মাঠে আড়িয়ারঘোপ ও পরানপুর এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক দিদার উদ্দিন মোল্লা। এতে বক্তব্য রাখেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এম এস আই শিপন, বড়বাড়িয়া ইউপি সদস্য ছিদ্দিক মোল্লা, ওয়ার্ড জামায়াত নেতা বিপ্লব কাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে দেয় একটি পরিবার, একটি প্রজন্ম এবং শেষ পর্যন্ত পুরো সমাজব্যবস্থাকে। সামান্য কৌতূহল কিংবা ভুল সঙ্গ থেকেই তরুণরা ধীরে ধীরে অন্ধকার জগতের দিকে পা বাড়ায়, যার পরিণতি হয় ভয়াবহ।
সভাপতির বক্তব্যে দিদার উদ্দিন মোল্লা বলেন, ‘আমার নিজের বাড়ির আশপাশেই প্রকাশ্যে মাদক কেনাবেচা হয়। কারবারিরা প্রভাবশালী হওয়ায় অনেক সময় প্রতিবাদ করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা যদি নীরব থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে। তাই প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেয়া এখন অত্যন্ত জরুরি।
বক্তারা বলেন, যারা কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের স্পষ্ট ভাষায় সতর্ক করছি-এই পথ ছেড়ে দিন। অন্যথায় আইনগত ও সামাজিকভাবে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা কোনো ছাড় দেব না।
বক্তারা আরও বলেন, মাদক একটি অন্ধকার জগত-যেখানে স্বপ্নের মৃত্যু ঘটে, মানবিকতা লোপ পায় এবং অপরাধ সমাজে শিকড় গেড়ে বসে। এখনই সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে আগামী দিনে এর ভয়াল থাবা আরও বিস্তৃত হবে।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।