শিরোনাম

বরগুনা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি বলেছেন, বরগুনাকে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে চাই।
গতকাল শুক্রবার জাতীয় নির্বাচনে বিজয়ের পরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাসসকে বলেন, এ বিজয় আমার একার নয় এ বিজয় এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে বেতাগী-বামনা ও পাথরঘাটা এলাকার সর্বস্তরের মানুষের বিজয়। তিনি বলেন, বরগুনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অনেক প্রক্রিয়া আছে যেমন গভীর সমুদ্র বন্দর, শিপ ইয়ার্ড, শীপ ব্রেকিং, পর্যটন ও ফিস প্রসেসিং এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বরগুনা আমার নিজের জেলা, আমার নির্বাচনী এলাকার মানুষ আমার ওপর আস্থা রেখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কারো প্রতি যেন রূঢ় ও সহিংস আচরণ করা না হয়। যদি কেউ এমনটা করে থাকে, তাহলে কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, বরগুনা-২ আসন (বেতাগী-বামনা-পাথরঘাটা) নিয়ে আমার নির্বাচনী এলাকা, তবে বরগুনা জেলা উন্নয়নের দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকলেও বিএনপি সরকার গঠন করার পরে এ জেলায় অর্থনৈতিকভাবে উন্নয়ন করা হবে।
তিনি অবহেলিত জনপদের বহুমুখী সমস্যা সমাধানে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন। এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, নদী ভাঙন রোধ টেকসই বেঁড়িবাধ নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, বরগুনা-২ আসনে চতুর্থ বারের মতো নূরুল ইসলাম মণি সংসদ সদস্য নির্বাচন হলেন।