বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭

তরুণরাই বিজয়ী : বাগেরহাটে নবনির্বাচিত এমপি মঞ্জুরুল হক রাহাদ

বাগেরহাট সদর-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিজয়ী প্রার্থী মো. মঞ্জুরুল হক রাহাদ। ফাইল ছবি

বাগেরহাট, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‘তরুণরা সিদ্ধান্ত নিলে যে কোনো কিছুই করতে পারে, বাগেরহাট-২ আসনের এই নির্বাচনে তা আবারও প্রমাণিত হয়েছে। আমার এই বিজয় ব্যক্তিগত নয়, প্রকৃত অর্থে বিজয় হয়েছে তরুণদের।’

বাগেরহাট সদর-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিজয়ী প্রার্থী মো. মঞ্জুরুল হক রাহাদ নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশকালে মঞ্জুরুল হক রাহাদ বলেন, নির্বাচনের আগে তরুণ সমাজকে ঘিরে যে অঙ্গীকার করেছিলাম, তা বাস্তবায়নই হবে প্রথম অগ্রাধিকার।

তিনি বলেন, বাগেরহাটকে সুন্দরভাবে সাজাতে তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের জেলার বড় একটি অংশ তরুণ। কিন্তু কর্মসংস্থানের অভাবে অনেকেই হতাশায় ভোগে, কেউ কেউ ভুল পথে জড়িয়ে পড়ে।

আমরা যদি তাদের কাজের সুযোগ করে দিতে পারি, দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করতে পারি, তাহলে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

মঞ্জুরুল হক রাহাদ আরও বলেন, নির্বাচন মানেই জয়-পরাজয় থাকবে। যারা পরাজিত হয়েছেন তাদের সঙ্গে কোনো বিভেদ রাখতে চাই না। সবাই মিলে এই জেলার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি জানান, অভিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রবীণদের পরামর্শকে গুরুত্ব দিয়ে তরুণদের উদ্যম ও শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাগেরহাট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। তরুণদের স্বপ্ন ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আমরা একটি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারি, যোগ করেন তিনি।

বিজয়ী এ প্রার্থী আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ বাগেরহাট জেলা একদিন সারা দেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে রূপান্তরিত হবে। তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখায় সংশ্লিষ্ট প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বোপরি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।