বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০০
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৯

নারায়ণগঞ্জে প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণেরা

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ভোট কেন্দ্রে দেখা মিলেছে উচ্ছ্বসিত দৃশ্যের। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঘঁড়ির কাটায় বৃহস্পতিবার দুপুর ২ টা। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ কেন্দ্রের সামনে লম্বা লাইন। সে লাইনের একদম সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন হিসান আহমেদ (২৫)। লাইনে দাঁড়িয়ে বারবার নিজের জাতীয় পরিচয়পত্র আর আঙুলের দিকে তাকাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পরেই নিজের জীবনের প্রথম ভোটটি দেবেন তিনি !

ভোট দিয়ে বেরিয়েই হিসান তার বন্ধুদের সাথে মেতে ওঠেন ছবি তোলায়। বাঁ হাতের তর্জনীতে লাগানো নির্বাচনী কালির চিহ্ন উঁচিয়ে ধরে তারা তুলছিলেন সেলফি।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ভোট কেন্দ্রে দেখা মিলেছে এমন দৃশ্যের। 

ভোট দেয়ার পরে হিসান তার উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘এতদিন বড়দের ভোট দিতে দেখেছি। আজ আমি নিজে লাইনে দাঁড়িয়েছি। আঙুলে ওই কালির দাগটা লাগানোর জন্য কতদিনের একটা ইচ্ছে ছিল। মনে হচ্ছে, রাষ্ট্রের প্রতি আমার দায়িত্বটা পালন করলাম।’

একই কেন্দ্রে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাবেয়া হক তার নবজাতক শিশু সন্তানকে নিয়ে ভোট দিতে এসেছেন। 

তিনি বলেন, ‘প্রথম ভোট দেয়াটা আমার কাছে একটা উৎসবের মতো। নিজের পছন্দের প্রার্থীকে সরাসরি সমর্থন দিতে পারাটা দারুণ এক অনুভূতি। এই বিষয়টা মিস করতে চাইনি। তাই ননদের সাথে বাবুকে নিয়ে ভোট দিতে এসেছি।’

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলাজুড়ে এমন একাধিক চিত্রের দেখা মিলেছে। কেন্দ্রগুলোতে প্রবীণদের পাশাপাশি তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে যারা এবারই প্রথম ভোটার হয়েছেন, তাদের মধ্যে দেখা গেছে বিশেষ উদ্দীপনা। আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর এই প্রজন্ম উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।