বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০

দিনাজপুরে হিন্দু ভোটাররা নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিচ্ছেন

বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মহিলারা  বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করছেন। ছবি: বাসস

দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে   হিন্দু ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মহিলারা  বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করছেন। 

৯৫ বছর বয়সের বৃদ্ধা দিপালী কুন্ডু ভোট দিয়ে যেন নিজের আনন্দ ধরে রাখতে পারছিল না। শহরে পাহাড়পুর মহল্লার মৃত স্বপন কুমার দেবের স্ত্রী দিপালী কুন্ডু সাংবাদিকদের দেখেই বলে উঠলেন ‘বাবারা অনেকদিন পর ভোট দিলাম, খুব আনন্দ লাগছে। প্রতিবারে ভয়ের কারণে ভোট দেইনি। এবার আর ভয় ও বাধা নেই।’ 

একই কেন্দ্রে নতুন প্রজন্মের ভোটার  শোভারানী দেব (২৪) প্রথম বারের মত শান্তি পূর্ণ ভাবে ভোট দিয়ে আনন্দ প্রকাশ করে বলেন,‘খুব মজা লাগলো, এবার মনে হল আমি বাংলাদেশের নাগরিক। আমার দেশ  সোনার বাংলাদেশ’।
সদর উপজেলার গোপালগঞ্জ চেহেলগাজী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো.  রকিকুল হাসান জানান,আজ সকাল থেকে সংখ্যালঘু ভোটারেরা ভোট কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন। তাদের মধ্যে কোন ভয় ভীতি পরিলক্ষিত করা যাচ্ছে না । চেহেলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ঝনটু চন্দ্র রায় বললেন, দীর্ঘ ১৭ বছর পর নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিলাম। ইতিপূর্বে সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন করা হতো। কিন্তু এবার কোন ধরনের ভয় নেই। ঝর্ণা রানী কর্মকার বললেন, দীর্ঘ ১৭ বছর পর বাধাহীন ভাবে এবং কোন প্রকার ভয়ভিতি ছাড়াই নির্বিঘ্নে ভোট দিয়ে আসলাম । 

সংখ্যালঘুরা এবার সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও প্রশাসনকে অভিনন্দন জানান। তারা বলেন, প্রতিটা ভোটেই যেন সেনাবাহিনী মাঠে থাকেন, তাহলে আমাদের ভয়ের কিছু থাকবে না।