
চট্টগ্রাম (উত্তর), ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার রাউজানে আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে। আবাল-বৃদ্ধ বণিতা সকল বয়সী মানুষ উৎসবমূখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার নোয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
২০ বছর বয়সী ভোটার শওকত হোসেন আশিক জানান, জীবনে প্রথমবারের মতো ভোট দিলাম। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
৩৬ বছর বয়সী প্রবাসী নুরুল আলম চৌধুরী বলেন, জীবনে কখনো ভোট দিইনি। শুধুমাত্র ভোট দেওয়ার জন্য দেশে আসলাম। ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত।
নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া এলাকার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধা ফিরোজা বেগম বলেন, অনেকদিন ভোট দিতে পারিনি। আমি অসুস্থ তারপরও ছেলে এবং ছেলের বৌকে নিয়ে স্বপরিবার ভোট দেওয়ার জন্য ছুটে এসেছি।
কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহাজাহান সিরাজ জানান, সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪২১৩ জন। ৮টি কক্ষে মোট ১৬টি বুথ রয়েছে। এই পর্যন্ত ৫০০ ভোট পড়েছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। সব বয়সি ভোটারদের উপস্থিতি লক্ষ্য করছি। তবে মাঝবয়সী এবং তরুণ ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি।