বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৫১৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ তিনটি আসনে উৎসবমুখর পরিবেশে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৫১৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। জেলার ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, ভোটের পরিবেশ স্বাভাবিক আছে। পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যাক নারী ভোটার ভোটদানের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। 

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ভোটার ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। জেলার ৫১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৬ জন আনসার সদস্য, একজন অস্ত্রধারী পুলিশ ও দুইজন নিরস্ত্র পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

এদিকে জেলার শিবগঞ্জ উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো খায়রুল ইসলাম (৩৮) জানান, এর আগে তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। ভালো লাগছে, ঈদের আনন্দ উপভোগ করছেন।

ভোটার লাইনে দাঁড়ানো ৯০ বছর বয়সী বৃদ্ধা আকালী মন্ডল জানান, সকালের নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে এসেছেন। লম্বা লাইন দেখেও দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। 

তিনি বলেন, অনেক দিন পর ভোট দিতে পারছি, খুব ভাল লাগছে।

এদিকে, জেলার ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর থাকতে দেখা গেছে। সব মিলিয়ে পরিবেশ স্বাভাবিক ছিল।