
বরগুনা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল সাড়ে ৭ টার পুর্বেই লাইনে দাঁড়িয়েছে পুরুষ ও নারী ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের সংখ্যা।
বরগুনার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ লাইন। দীর্ঘ ১৭ বছর পর ভোটকেন্দ্রে আসতে পারায় ভোটারদের মাঝে উৎসাহ দেখা গেছে। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সরেজমিনে দেখা যায়, ভোট কেন্দ্রের আশেপাশে প্রার্থীদের বুথ করা হয়েছে।
ভোটার মনিরুজ্জামান মনির জানান, পরিবারসহ বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসেছি যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারি। সেই অনুযায়ী ভোটও দিয়েছি। কোনো ভয় নাই। উৎসবমুখর পরিবেশেই ভোট চলছে। অধিকাংশ কেন্দ্রে নারীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
জেলার ভোটকেন্দ্র গুলোতে নৌবাহিনী, পুলিশ মোতায়েনসহ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এসব কেন্দ্রে নির্বাচন ্উপলক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটকেন্দ্রগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
বরগুনা-১ আসনে সদর উপজেলার গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে হাবিবুর রহমান নামের হাতপাখা প্রতীকের একজন সমর্থককে ১ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বরগুনা-২ আসনে পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্দেহজনক ঘোরাফেরার দায়ে পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।