বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬

হাটহাজারীতে ভোট দিয়েছেন মীর হেলাল 

ছবি : বাসস

চট্টগ্রাম (উত্তর), ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন। ভোটারদের পাশাপাশি নিজ নিজ কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রার্থীরাও।  

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল নিজ নির্বাচনি এলাকায় ভোট দিয়েছেন। তিনি আজ সকাল ৮টায় পরিবারের সদস্যদের নিয়ে হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। 

ভোট দিতে এসে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকদিন পর আমরা নির্বাচন করছি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত যতগুলো কেন্দ্র পরিদর্শন করেছি, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। মানুষ আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে এসেছে। নির্ভয়ে তাদের ভোটের অধিকার প্রয়োগ করছে। দীর্ঘদিন পর ভোটাররা নির্বাচনের প্রকৃত আনন্দ উপভোগ করছেন।

তিনি এই নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।