
সিলেট, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট নগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম ভোটগ্রহণ সন্তোষজনক উল্লেখ করে বলেন, সিলেট অঞ্চলে সাধারণত ভোটাররা সকালে কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন। সেই বিবেচনায় বর্তমান উপস্থিতি মোটামুটি ভালো।
তিনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে গিয়ে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় প্রিজাইডিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ ভোটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। দিনের শেষে ৫০ থেকে ৬০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। তবে সামগ্রিক ভোটের হার এখনই নির্দিষ্ট করে বলা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
প্রার্থী ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সবাইকে সহনশীল আচরণ করতে হবে এবং কোনও ধরনের সহিংসতা বা নির্বাচনী আইন লঙ্ঘন থেকে বিরত থাকতে হবে। জনগণ যাকে নির্বাচিত করবেন, সেই ফলাফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
সিলেট জেলার ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হবেন ছয়জন। সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম।