বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯

ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে

ছবি : বাসস

ঝালকাঠি, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় দু’টি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা লাইন ধরে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসছেন। তবে কিছু কিছু কেন্দ্রে শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মমিন উদ্দিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। জেলার ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঝালকাঠি দু’টি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।

ঝালকাঠি-১ আসনে প্রার্থীরা হলেন, বিএনপির রফিকুল ইসলাম জামাল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর ড.ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের ইব্রাহিম আল হাদি (হাতপাখা), স্বতন্ত্র এম মঈন আলম ফিরোজী (হাঁস) স্বতন্ত্র মো.সাব্বির আহমেদ (মোরগ), জনতার দল জসীম উদ্দিন তালুকদার (কলম), জাতীয় পার্টির মো.কামরুজ্জামান খান (লাঙ্গল), জাতীয় পার্টি-জেপির রুবেল হাওলাদার (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সোহরাব হোসেন (তারা) ও গণঅধিকার পরিষদ শাহাদৎ হোসেন (ট্রাক)।

ঝালকাঠি-২ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), জামায়তে ইসলামীর এস এম নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল), গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক) , স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস), ন্যাশনাল পিপলস পার্টি -এনপিপির ফোরকান হোসেন (আমি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মাসুদ পারভেজ (তারা)।

ঝালকাঠি -১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০ টি যার মধ্যে রাজাপুরে ৫০ টি ও কাঁঠালিয়াতে ৪০ টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪ শত ৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৬ হাজার ৪ শত ২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।

ঝালকাঠি -২ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৭ টি যার মধ্যে সদরে ৭৭ টি ও নলছিটিতে ৭০ টিকে।এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩ শত ৯৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪ শত ৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯ শত ৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।